বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযানে ২ কেজি গাঁজাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- পাবনার আমিনপুর উপজেলার দারিয়াপুর এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০) ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব ভেলাবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে মোঃ আব্দুল করিম (২৬)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজের নেতৃত্বে রংপুর-ঢাকা মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বসানো চেকপোস্টে যানবাহন তল্লাশি চালানো হয়।
রাত সাড়ে ১১টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত সাড়ে ১২টায় একই স্থানে আরেকটি তল্লাশি অভিযানে ১ কেজি গাঁজাসহ আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

