ads
ইপেপার আর্কাইভ
logo

বগুড়ায় বিএনপি প্রার্থী মোশারফের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পি.এম
বগুড়ায় বিএনপি প্রার্থী মোশারফের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি

বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের ছবি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে নারীর সাথে অশ্লীল ভাবে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার রাতে তাঁর পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন। মঙ্গলবার রাতে সদর থানার এসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন।


বগুড়া সদর থানায় করা জিডি সুত্রে জানা যায়, মোশারফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌণে ১০টায় বগুড়া সদর থানার উপশহরে তাঁর নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআইয়ের মাধ্যমে তাঁর বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।


এবিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন  বলেন, নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ১ লাখ ডলার যা বাংলাদেশি প্রায় সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, এরআগে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ তোলা হয়। যা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে।  তাই অপপ্রচারকারীরা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ