ads
ইপেপার আর্কাইভ
logo

যাত্রা শুরু করলো টিএমএসএস কাঁচা বাজার লিমিটেড 

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পি.এম
যাত্রা শুরু করলো টিএমএসএস কাঁচা বাজার লিমিটেড 

বিজয়ের মাস উপলক্ষে টিএমএসএস কাঁচা বাজার লিমিটেডের শুভ উদ্বোধন করেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। 

মানুষ সামাজিক জীব। সমাজের মঙ্গলই মানুষের প্রকৃত অগ্রগতি। কিন্তু অর্থলোলুপতার কারণে খাদ্যে ভেজাল প্রয়োগ আজ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিতে পরিণত হয়েছে। কৃষিপ্রধান এ দেশের মানুষের জীবন ও অর্থনীতি যেখানে সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল, সেখানে কীটনাশক মিশ্রিত সবজি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। উত্তর বগুড়ার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নিরাপদ ও বিষমুক্ত সবজি নিশ্চিত করতে শুক্রবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো টিএমএসএস কাঁচা বাজার লিমিটেড।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস) অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি বলেন, খাদ্যে নিরাপত্তা এখন সময়ের দাবি। ভেজালমুক্ত ও অর্গানিক খাদ্যপণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টিএমএসএস কাঁচা বাজার লিমিটেড নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবে।


এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস উপদেষ্টা আয়েশা বেগম, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, হেলথ সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো: মতিউর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


নির্মাণের শুরু থেকেই বাজারটিকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করার প্রতি গুরুত্ব দিয়েছে টিএমএসএস। বাজারের পুরো শেডটি প্রায় ১৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, যা শুধু প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহই নিশ্চিত করবে না, উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহও করা যাবে। বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব বাজার হিসেবে এটি উত্তরবঙ্গের মধ্যে প্রথম বলে জানান সংশ্লিষ্টরা।


নারী ক্রেতা ও উদ্যোক্তাদের কথা বিবেচনায় বাজারটিতে রাখা হয়েছে নারীবান্ধব অবকাঠামো। নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং আধুনিক মনিটরিং ব্যবস্থার ফলে নারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে বাজারে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি রয়েছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা নিশ্চিত করা হয়েছে।


সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজারে রাখা হবে সাশ্রয়ী মূল্য। বাজারে পাওয়া যাবে কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন অর্গানিক কৃষিপণ্য, যা সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। এর ফলে একদিকে কৃষক ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতারা নিশ্চিত হবেন খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়াতে দোকান ভাড়াও রাখা হয়েছে কম। বাজারের দক্ষিণ-পশ্চিম পাশজুড়ে নির্মিত হয়েছে আধুনিক সুবিধাসম্পন্ন গাড়ি পার্কিং। উন্মুক্ত আকাশের নিচে কৃষক, উৎপাদক ও ক্রেতারা কোনো ধরনের খাজনা বা অতিরিক্ত ব্যয় ছাড়াই নির্বিঘ্নে কেনাবেচা করতে পারবেন।

বাজারটি চালুর মাধ্যমে এ অঞ্চলের কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ ক্রেতারা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাজারসুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছে টিএমএসএমএস কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ