বগুড়ার গাবতলী বেদেপল্লীতে হামলায় শাকিল (২৫) এক সাপুড়ে নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথম আরছেও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ঢাকা সাভারের বিপ্লবের ছেলে । এ ঘটনায় রাশেদকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ ।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে সকালে রাশেদের আত্মীয় স্বজনরা বেদেপল্লীতে গিয়ে তাকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে । এতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতলে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাশেদের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

