জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে বগুড়া-৬ (সদর) আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন।
বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে হিসেবে তারেক রহমানের সঙ্গেই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এছাড়াও জামায়াতের পক্ষ থেকে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল নির্বাচন করবেন।
এনসিপির প্রার্থী আব্দুল্লাহ-আল-ওয়াকী ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসন ভোট করেছিলেন। সেসময় তিনি কুলা প্রতীকে ভোট পেয়েছিলেন মাত্র ৬২৭টি।
বগুড়া শহরের সুত্রাপুরের আজাদ পাম্প এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল ওয়াকী। ৪৮ বছর বয়সী আব্দুল্লাহ আল ওয়াকী পেশায় শিক্ষক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি আজ থেকেই প্রচার-প্রচারণায় নামছি। আশা করছি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা পাব।
তিনি আরও বলেন, আমার দলীয় অন্য কোনো পদ-পদবি নেই। আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করেছিলাম। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য।

